নিউ ইয়র্কে হামলার ঘটনার সমালোচনা করলেন সাবেক মার্কিন কূটনীতিক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউ ইয়র্ক যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দলের ওপর হামলায় আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিলয়েচ। তিনি বলেন, কৌশলগতদিক থেকে আওয়ামী লীগ ‘মারাত্বক ভুল’ করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ড্যানিলোভিচ স্পষ্টভাবে বলেন, আওয়ামী লীগ এখনো নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়নি। তারা নৈতিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে দেউলিয়া হয়ে পড়েছে। এই ধরনের আচরণ থেকে যদি তারা সরে না আসে, তাহলে গত ১৫ বছরে যাদের তারা দমন করেছে, তাদের কাছ থেকে কোনো ক্ষমা বা আপস আশা করা উচিত নয়।

হামলাকারীদের ‘কম বুদ্ধিমত্তাসম্পন্ন সম্বোধন করে জন ড্যানিলয়েচ বলেন, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতিনিধি দলের একজনের ওপর হামলার পর এবং অভিযুক্তদের একজনকে জেল থেকে মুক্ত করায় আওয়ামী লীগপন্থিরা হয়তো নিজেদের ‘জয়’ মনে করছেন। কিন্তু এই ঘটনা তাদের প্রকৃত চেহারা উন্মোচন করেছে।

তিনি লেখেন, এই হামলার ঘটনায় বিএনপি, এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। এসব দলের নেতারা এবার একই মঞ্চে, একই পতাকার নিচে এসেছেন।

তিনি আরও বলেন করেন, যারা হামলার শিকার হয়েছেন, তারা ঢাকা শহরের রাজপথে শেখ হাসিনার গুলির মুখে থেকেও মাথা নত করেননি, নিউ ইয়র্কের ‘কম দরের গুন্ডাদের’ দ্বারা তারা কখনোই ভীত হবেন না।

ড্যানিলয়েচ তার পোস্টে যুক্তরাষ্ট্র সরকারকে উদ্দেশ করে বলেন, এখন সময় এসেছে যারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা চায়, তারা যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখে। পাশাপাশি তিনি মার্কিন প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও অভিবাসন কর্তৃপক্ষকে আহবান জানান, যারা যুক্তরাষ্ট্রের মাটিতে ‘হাসিনার রক্তমাখা অর্থে’ আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার।

ইত্তেফাক/এমএএস