ভাসছে মানুষ ভাসছে গরু
ঘটিবাটি ভাসছে কুলো
নেই খাবারের ব্যবস্থাটাও
অথই জলে ভাসছে চুলো।
হাঁস মুরগি কুকুর বেড়াল
ভাসছে ছাগল তুমুল বানে
পানিই জীবন পানিই মরণ
যাচ্ছে ভেসে বানের টানে।
হায় রে এ কোন পরিস্থিতি
পরিত্রাণের নেই কি উপায়?
ভিটেমাটি হারিয়ে মানুষ
কান্না চেপে কেবল ফুঁপায়।
থাকবে কোথায় ঘরবাড়ি নেই
সব হারিয়ে নিঃস্ব তারা
সর্বনাশা বন্যা এসে
করল তাদের সর্বহারা।
এসো তাদের পাশে দাঁড়াই
সামর্থ্য যার যেটুক আছে—
সেটুক নিয়েই যাই চলো আজ
বানভাসি ঐ সবার কাছে।
