ঈদের বাকি আর কয়েকদিন। তবে এখন পর্যন্ত ঢালিউডে নেই কোনো আমেজ। যেখানে এই সময়ের মাঝে সিনেমার প্রচারণা থেকে শুরু করে সারাদেশে পোস্টারের মেলা বসে যাবে, সেই জায়গায় এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি ঠিক ক’টি সিনেমা মুক্তি পাবে কোরবানির ঈদে। তবে নিশ্চিত মুক্তির তালিকায় থাকা ৩টি সিনেমার মধ্যে দুটি সিনেমা মুক্তির নিশ্চয়তা রয়েছে।
সেগুলো হলো শাকিব খান ও বুবলী জুটির ‘মনের মতো মানুষ পাইলাম না’। জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমাটি মুক্তির তালিকায় রয়েছে। তবে এখন পর্যন্ত সেন্সরে জমা পড়েনি সিনেমাটি। শিগগিরই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলে মুক্তির প্রস্তুতি নেবে সিনেমাটি। এত অল্প সময়ে তাই আর বড় কোনো আওয়াজ নেই এ নিয়ে। এই সময়ে যখন সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত থাকার কথা সিনেমা সংশ্লিষ্ট সবার সেই সময়ে এখনো সেন্সরে জমা হয়নি সিনেমাটি। তবে শাকিব খানের সিনেমা মানেই যখন আলোচনা, তাই সিনেমার মুক্তির কয়েকদিন আগে থেকেই ট্রেলার ও গান রিলিজের মধ্যে স্বল্প সময়ের এক আলোচনা তৈরি করবে। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ সিনেমার বেলাতেও এমনটাই দেখা গেছে। আর শাকিবের সিনেমার ব্যবসা নিয়েও অনেকটা নিশ্চিত থাকেন হল মালিকরা। তাই দিনশেষে হয়তো মুক্তির আগে আওয়াজে খুব একটা নজর দেন না সংশ্লিষ্টরা।
অন্যদিকে ‘বেপরোয়া’ সিনেমাটি মুক্তির নিশ্চয়তা দিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। অনেকদিন ধরে ঝুলে থাকা সিনেমাটি অবশেষে মুক্তির মুখ দেখতে যাচ্ছে। রোশান ও বুবলী জুটির এই সিনেমাটি বড় বাজেটের একটি সিনেমা বলে জানা যায়। এর আগে কয়েকবার মুক্তির সম্ভাবনা থাকলেও মুক্তি পায়নি সিনেমাটি। গতবছর ঈদে মুক্তির কথা ওঠে সিনেমাটি নিয়ে। ঈদে একটি হলে মুক্তিও পায় সিনেমাটি। তবে বড় পরিসরে এখনো মুক্তি পায়নি। নবাগত নায়ক রোশানের ক্যারিয়ারে কয়েকটি সিনেমা মুক্তি পেলেও একক নায়ক হিসেবে এখনো প্রতিষ্ঠিত নয় তিনি। আর এই সিনেমাটিই তাঁর টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে বলে ধারণা অনেকের। তবে সেটি এখনো মুক্তির অপেক্ষা। প্রচারণার দিক থেকে কোনো সাড়া নেই ‘বেপরোয়া’র।
সিনেমার নায়িকা ববি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও সিনেমার প্রচারণা নিয়ে কোনো পদক্ষেপ নেই তাঁরও।
সিনেমা বাজারের সুদিনের আশ্বাসটা যেন সবার মুখের নিয়মিত কথা বলার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পুরোবিশ্বে যে পদ্ধতির মধ্য দিয়ে একটি সিনেমা মুক্তি পায়, যেভাবে দর্শকদের সঙ্গে যোগসূত্র তৈরি করা হয়, এমন কোনোকিছুরই দেখা মেলে না ঢালিউডে। শুধুই সিনেমা মুক্তি, উন্নত প্রযুক্তিই যেন সবকিছু। কোনো ধরনের অফিশিয়াল প্রচারণা নেই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময়ে ভার্চুয়াল প্রচারণার দিক থেকেও পিছিয়ে আমাদের মূলধারার বাণিজ্যিক সিনেমা।
