নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী এলাকায় মেঘনা নদীর তীরে দীর্ঘ ৭০ বছর দখলে থাকা অবমুক্তকরা সরকারি সাড়ে ২৩ একর জমি উদ্ধার করে ইকোপার্ক নির্মাণকাজের উদ্বোধন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এর পরে আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ শেষ পূজা উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, চেক বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘দীর্ঘ ৭০ বছর ধরে আড়াইহাজারের বিশনন্দী এলাকায় মেঘনা নদীর পাশে কিছু কতিপয় ব্যক্তি প্রায় সাড়ে ২৩ একর সরকারি জমি জবরদখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় দখলকৃত সেই জমি দখলমুক্ত করা হয়েছে।’
সেই জমিতে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে নির্মিতব্য এই ইকোপার্ক পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পার্ক নির্মাণ শেষ হলে স্থানীয় পর্যটন ছাড়াও নারায়ণগঞ্জ জেলার বৃহত্তর জনগোষ্ঠীর জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
