প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বিপদে যুবক, রাত কাটালেন বৈদ্যুতিক খুঁটিতে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫

ভারতের উত্তরাখণ্ডে সম্প্রতি এক যুবক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভয়ংকর বিপদের মুখে পড়েন। রাতের অন্ধকারে নদীর ধারে গেলে হঠাৎ করেই নদীর পানির স্তর দ্রুত বেড়ে যায় এবং প্রাণ বাঁচাতে তিনি একটি বৈদ্যুতিক খুঁটিতে চড়ে বসেন। পুরো রাত ওই খুঁটিতেই আটকে থাকার পর পরদিন ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) তাকে উদ্ধার করে। 

এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে ইন্ডিয়া টুডে জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত ওই যুবক একটি বিদ্যুতের খুঁটি শক্ত করে ধরে আছেন, আর তার নিচে প্রবল বেগে নদীর জল বইছে। নদীতে পানির স্রোত এতটাই বেশি ছিল যে, খুঁটি থেকে পড়লেই নিমেষে যুবকটি ভেসে যেতেন। 

জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তারা ড্রোনের সাহায্যে ওই যুবকের কাছে একটি দড়ি পৌঁছে দেয়। যুবকটি সেই দড়ি ধরে উপরে উঠে আসতে সক্ষম হন এবং এইভাবে তার জীবন রক্ষা পায়। ভিডিওটি দেখে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ইত্তেফাক/টিএইচ