পদ্মা সেতু নিয়ে গুজবের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২০:৫৬

পদ্মা সেতু নিয়ে গুজবের নামে শিশু খুনের বিরুদ্ধে জনগণকে সচেতন করার লক্ষ্যে এবং সামাজিক পরিবেশ রক্ষায় গত শনিবার জেলা প্রশাসনসহ নেত্রকোনায় সকল শ্রেণি-পেশার লোকদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ আয়োজিত এবং নেত্রকোনা শহরের পৌরসভা অফিস মোড়ে সাংবাদিক এ কে এম আব্দুল্লাহর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সকল প্রকার গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, পুলিশ বিভাগের এসআই মেহেদী হাসান, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার জাহান চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, সিপিবি নেতা হারুন অর রশিদ, নারীনেত্রী কল্পনা ঘোষ, সাংবাদিক আলপনা বেগম, আর জে এফের সভাপতি দিলওয়ার খান, সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক আলপনা বেগম, দৈনিক বাংলার নেত্র সম্পাদক কামাল হোসেন।

নেত্রকোনায় মশক নিধন অভিযান

ডেঙ্গুর হাত থেকে নেত্রকোনায় পৌরবাসীকে রক্ষার জন্য নেত্রকোনায় গত শনিবার বিকাল থেকে অলিগলি এবং ড্রেনগুলোতে মশক নিধন ওষুধ ছিটানো শুরু হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসক মঈনউল ইসলাম এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান এবং প্যানেল মেয়র আমির বাশার। পরে ফগার মেশিনের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে মশা নিধন ওষুধ স্প্রে করা হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে পৌর মেয়র জানান।