তা হ মি না মি লি
১৯৬৪ সালে মুক্তি পেয়েছিল হলিউডি মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘মেরি পপিনস’। ওয়াল্ট ডিজনি প্রযোজিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেত্রী জুলি অ্যান্ড্রুস। ওই ছবির মাধ্যমে বড় পর্দায় তার আবির্ভাব ঘটেছিল। দর্শক-সমালোচকদের বিপুল প্রশংসাধন্য সিনেমাটি মোট ১৩টি ক্যাটাগরিতে অস্কার পুরস্কারের মনোনয়ন পেয়েছিল। সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন জুলি অ্যান্ড্রুস ‘মেরি পপিনস’ চরিত্রে অভিনয় করে। এ ছাড়া অন্যান্য চারটি ক্যাটাগরিতে অস্কার জিতেছিল ‘মেরি পপিনস’ সিনেমাটি। ৫৪ বছর পর সিনেমাটি রুপালি পর্দায় আবার ফিরছে। হলিউডের বিখ্যাত পরিচালক রব মার্শাল ‘মেরি পপিনস’ ছবিটি পরিচালনা করেছেন। তিনি ‘শিকাগো’, ‘মেমোরিজ অব অ্যা গেইশা’, ‘নাইন’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অব স্ট্রেঞ্জার টাইডস’, ‘ইনটু দ্য উডস’ ছবিগুলোও পরিচালনা করেছেন। তার পরিচালিত ‘দ্য লিটল মারমেইড’ ছবিটি বর্তমানে নির্মাণাধীন পর্যায়ে রয়েছে। ওয়াল্ট ডিজনি পিকচার্স প্রযোজিত ‘মেরি পপিনস রিটার্নস’ মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর। তারকাবহুল হলিউডি সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লিন ম্যানুয়েল মিরান্ডা, বেন উইশ্রো, এমিলি মরটাইমার, জুলি ওয়াল্টারস, ডিক ভ্যান ডাইক, অ্যাঞ্জেলা ল্যান্সবারি, কলিন ফার্থ, মেরিল স্ট্রিপ প্রমুখ। ১৯৩০ সালের পটভূমিতে নির্মিত ছবিটিতে আগের ছবির ঘটনাবলির দুই দশক পরবর্তী ঘটনা তুলে ধরা হয়েছে। দ্য ন্যাশনাল বোর্ড রিভিউ এরমধ্যে ২০১৮ সালের সেরা ১০ সিনেমার অন্যতম বলে ঘোষণা করেছে ‘মেরি পপিনস রিটার্নস’ ছবিটিকে।
‘মেরি পপিনস রিটার্নস’ সিনেমায় মেরি পপিনস চরিত্রে রূপদান করেছেন বিখ্যাত ইংরেজি আমেরিকান অভিনেত্রী এমিলি ব্ল্যান্ট। গোল্ডেন গ্লোবসহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার বিজয়ী অভিনেত্রীর জন্ম লন্ডনে। বর্তমানে পেশাগত কারণে নাগরিকত্ব নিয়ে আমেরিকায় থাকছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। দুবার বাফটা পুরস্কারের মনোনয়ন লাভকারী এমিলি ব্ল্যান্ট ২০০১ সালে মঞ্চে ‘দ্য রয়েল ফ্যামিলি’ নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী হিসেবে। ২০০৩ সালে টেলিভিশন ফিল্ম ‘বোডিকা’য় এবং মিনি সিরিজ ‘হেনার সেভেন’-এ রানি ক্যাথরিন হোয়ার্ড চরিত্রে অভিনয়ের সুবাদে অনেক দর্শকের নড়র কাড়তে সক্ষম হয়েছিলেন এমিলি ব্ল্যান্ট। তবে ২০০৪ সালে বড় পর্দায় তার আগমন ঘটেছিল ‘মাই সামার অব লাভ’ ছবির মাধ্যমে। শোবিজে তার বিস্ময়কর চমক সৃষ্টিকারী কাজটি ছিল ২০০৬ সালে টেলিভিশন ফিল্ম ‘জিডিওনস ডটার’ এবং ব্যাপক সাফল্য অর্জনকারী হলিউডি কমেডি সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’। দুটি ছবিতেই অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিলেন এমিলি ব্ল্যান্ট। তার অভিনীত অন্যান্য সাড়া জাগানো সিনেমার মধ্যে রয়েছে ‘ইরেজিস্টেবল’, ‘দ্য জেন অস্টিন কুক ক্লাব’, ‘ড্যান ইন রিয়েল লাইফ’, ‘চার্লি’, ‘উইলসন’স ওয়ার’, ‘দ্য গ্রেট বাক হোয়ার্ড’, ‘সানশাইন ক্লিনিং’, ‘দ্য ইয়াং ভিক্টোরিয়া’, ‘কিওরিসিটি’, ‘দ্য ওলফম্যান’, ‘ওয়াইল্ড টার্গেট’, ‘গ্যালিভারস ট্রাভেলস’, ‘সালমন ফিশিং ইন দ্য ইয়েমেন’, ‘দ্য ফাইভ ইয়ার এনগেজমেন্ট’, ‘লুপার’, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘অ্যানিমেল ক্র্যাকারস’, ‘মাই লিটল পনি :দ্য মুভি’, ‘অ্যা কোয়াইট প্লেস’ প্রভৃতি। তার অভিনীত ‘জাঙ্গাল ক্রুজ’ ছবির কাজ চলছে বর্তমানে। আগামী ২০২০ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘মেরি পপিনস রিটার্নস’ ছবির মাধ্যমে সেই বিখ্যাত আলোচিত চরিত্র মেরি পপিনস আবার ফিরছেন রুপালি পর্দায়। এ ছবিতে অভিনয় করতে পেরে বিখ্যাত এই অভিনেত্রী দারুণ উচ্ছ্বাসিত। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমিলি ব্ল্যান্ট বলেন, ‘আমি এ পর্যন্ত ম্যালা সিনেমায় টিভি ফিল্ম ও সিরিজে কাজ করেছি, আমি বিচিত্র চরিত্রে অভিনয়ের সুবাদে এখন অনেক দর্শকের প্রিয় তারকায় পরিণত হয়েছি। তবে এবার মেরি পপিনস আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা ও আনন্দ বয়ে এনেছে। তাতে আমি খুশি।’
