বিদ্যুত্স্পৃষ্টে নিহত দুই

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২০:৫৯

উলিপুরে রবিবার বিদ্যুত্স্পৃষ্টে আবু মিয়া নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মৌজা মালতিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে কাঠমিস্ত্রি আবু মিয়া মৌজা মালতিবাড়ি গ্রামের মৃত ফুলজারের বাড়ির একটি টিনের ঘর মেরামত করতে আসেন। এ সময় টিনের বেড়া সরাতে গিয়ে সে বিদ্যুত্স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চন্দনাইশ উপজেলায় রবিবার সকাল ৮টায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কুড়িগ্রাম জেলার শাহীদ আলম নামের এক ব্যক্তি মারা গেছে। এ সময় আহত হয়েছে আরো চার জন। এরা হলো—কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ফকিরহাট এলাকার মো. জেনারুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল আলম ও শাহেদ।

এসব লোকজন চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের খোদার হাট এলাকায় ইন্টারনেট ওয়াই-ফাই সংযোগ লাইনের কাজ করছিল। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে আহত হয়। আহতদের উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে নিলে ডাক্তার শাহীদ আলমকে মৃত ঘোষণা করেন।