মাদকের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে খুলনার দাকোপে থানা পুলিশ অভিযান চালিয়ে সাত ব্যক্তিকে মাদকসহ (গাঁজা) গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক সাতটি মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেলের আব্দুল্লাহ বিন কালাম ও থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করে। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার কামনিবাসীয়া এলাকার মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা আসামি প্রজিত্ বৈরাগী, চালনা বাজারের মাদক ব্যবসায়ী তমাল বিশ্বাস, রবিউল ইসলাম, খাটাইল এলাকার সাগর বিশ্বাস, পানখালী এলাকার শওকত শেখ।
এদের নিজ নিজ এলাকা থেকে ও বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া লবণচোরা এলাকার মাদক সেবনকারী তুহিন মোড়ল ও একই এলাকার ছাদেক আলী শেখের ছেলে ইকবাল শেখ বানিশান্তা এলাকা থেকে পুলিশ আটক করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক সাতটি মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের জেলহাজতে প্রেরণ করেছে বলে থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী জানান।
