তারুণ্যের শক্তিকে পরিবর্তনের প্রাণ বিবেচনা করে দক্ষতা ও নেতৃত্বগুণে বিকশিত তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে, গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তরুণদের জন্য নিবেদিত প্ল্যাটফর্ম ‘এনভোইয়ুথ’। এনভোইয়ুথ মূলত বাংলাদেশভিত্তিক বেসরকারি জলবায়ু-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এনভোলিড লিমিটেড কর্তৃক পরিচালিত যুব প্ল্যাটফর্ম - যা তরুণদের দক্ষতা বৃদ্ধিপূর্বক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও পরিবেশ উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য কাজ করবে। প্ল্যাটফর্মটি পারিশ্রমিকের বিনিময়ে স্বেচ্ছাশ্রম মডেলে পরিচালিত হবে এবং বিভাগ, জেলা ও উপজেলা ভিত্তিক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এর তত্ত্বাবধান ও বাস্তবায়ন হবে।
অঞ্চলভিত্তিক পরিবেশগত প্রয়োজন কে আমলে এনে প্রয়োজন অনুযায়ী জলবায়ু উদ্ভাবনকে উৎসাহিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সাথে, এনভোইয়ুথ প্রান্তিক নারীদের নিয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। এর মাধ্যমে নারীদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও অংশগ্রহণ বাড়বে, ফলে তারা একটি জলবায়ু সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সক্রিয় অবদান রাখতে পারবেন। কেননা, তরুণদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশের মাধ্যমে জলবায়ু-সহনশীল ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পৃথিবীর অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে হিসেবে, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের জন্য উপযোগী প্রাযুক্তিক সমাধান প্রদানের মাধ্যমে একটি জলবায়ু-সহনশীল দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এনভোলিড এবং জলবায়ু প্রযুক্তিভিত্তিক খাতে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যেই মূলত এই যুব প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। এনভোইয়ুথের আওতায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থাকা আগ্রহী তরুণ-তরুণীদের জলবায়ু ও পরিবেশ বিষয়ক উদ্ভাবন, পর্যবেক্ষণ, স্থানীয় অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে বিশেষ বিশেষ দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিতভাবে বিভিন্ন অনলাইন/অফলাইন কার্যক্রমে সম্পৃক্ত করবে।
প্ল্যাটফর্মের আওতাধীন স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এনভোইয়ুথ স্থানীয় জলবায়ু, পরিবেশ ও প্রতিবেশগত পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা; পরিবেশগত বাস্তবতা নিরূপণ; চলমান পরিবেশগত প্রকল্প বা উদ্যোগসমূহ মূল্যায়ন; প্রয়োজনীয় পরিবেশবান্ধব পণ্য ও প্রযুক্তি চিহ্নিতকরণ; নতুন পরিবেশগত উদ্যোগে অন্তর্দৃষ্টি; সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী সমাধান প্রদানের সুযোগ সৃষ্টি করবে। প্ল্যাটফর্মটি ডিজিটাল অ্যাপের মাধ্যমে তরুণদের সংযুক্ত করবে এবং নিয়মিতভাবে তাদের তত্ত্বাবধান করবে। জলবায়ু ও পরিবেশ খাতে চাকুরির সুযোগ প্রদান ও পেশাগত অনুমোদন; বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হবার সুযোগ সৃষ্টি; বৈশ্বিক যোগাযোগের সেতুবন্ধন তৈরী ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদানসহ আরও বিভিন্ন রকম সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের সামগ্রিক উন্নয়ন বিধানই এনভোইয়ুথের অন্যতম উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর, খুলনা, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, টাঙ্গাইল, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ জলবায়ুকর্মী, পরিবেশবিদ, গবেষক, নীতি-নির্ধারক, পরিবেশ উদ্যোক্তা, স্বেচ্ছাসেবকসহ সরকারি, বেসরকারি আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি এনালিস্ট, আসিফ শাহরিয়ার সুস্মিত। অতিথি বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন উইপাওয়ার বাংলাদেশের চীফ কো-অর্ডিনেটর, ফাইজুল করিম এবং ইউনাইটেড নেশন্স ভলান্টিয়ার বাংলাদেশ এর প্রোগ্রাম এসিসট্যান্ট, শ্রাবণী বড়ুয়া।
‘ইয়ুথ স্কীলস্ ফর চেইঞ্জ: ক্লাইমেট এণ্ড ইনোভেশন’ শীর্ষক প্যানেল আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এণ্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এর ক্লাইমেট চেইঞ্জ এনালিস্ট, আসিফ মইনুর চৌধুরী; ইউএনডিপি বাংলাদেশের রিপোর্টিং এণ্ড নলেজ ম্যানেজমেন্ট এসোসিয়েট, লামিয়া মোহসিন; ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোকাল এক্সপার্টস এডভাইজরি কমিটির সদস্য, ফারিহা সুলতানা অমি; ইয়ুথনেট গ্লোবাল এর ডেপুটি এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর, আরুবা ফারুক; এবং ক্লাইমেট ইনোভেশন চ্যালেঞ্জ এর সহকারী পরিচালক, মো: ওয়াহিদ হোসেন। সেশনটির মডারেটর হিসেবে ছিলেন এনভোলিড লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক, তানিয়া নূর।
এছাড়াও তরুণ বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ মোস্তাকিম বিল্লাহ, নুসরাত জাহান জুহি, খালিদ ইকবাল, এবং আতিকুর রহমান আসিফ। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনভোলিড লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, মোরশেদুল বারী। আমন্ত্রিত অতিথিরা তরুণদের জলবায়ু ও পরিবেশগত উদ্যোগের গুরুত্ব ও উদ্ভাবনী কর্মকাণ্ড সম্পর্কে তাঁদের মূল্যবান অভিজ্ঞতা, দিকনির্দেশনা এবং মতামত তুলে ধরেছেন। তাছাড়া এনভোইয়ুথ কর্তৃক গৃহীত পারিশ্রমিকের বিনিময়ে স্বেচ্ছাশ্রম মডেল এবং অ্যাপভিত্তিক পরিচালনা পদ্ধতির প্রশংসা করেছেন এবং দেশব্যাপী এর বিস্তৃতির ব্যাপারেও গুরুত্বারোপ করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ অংশগ্রহণকারীরাও নিজেদের মতামত ব্যক্ত করেছেন এবং এনভোইয়ুথের সাথে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
