বাংলা ছড়া সাহিত্যের জীবন্ত কিংবদন্তি রফিকুল হক দাদুভাই জন্মভিটা রংপুরের মাটিতে ছড়াসাহিত্যে অনন্য অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন। এ গুণী সাহিত্যিককে সম্মাননা দিচ্ছেন ছড়া সংসদ রংপুর বিভাগ। আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক ছড়াকার সম্মেলন ’১৮-এ এ ছড়াসাহিত্য সম্মাননা প্রদান করা হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক শিশু সাহিত্যিক আনজির লিটন, বিশেষ অতিথি থাকবেন শিশু সাহিত্যিক আসলাম সানী, শিশু সাহিত্যিক আলম তালুকদারসহ দেশ-বিদেশে প্রখ্যাত ছড়াকাররা। সভাপতিত্ব করবেন ছড়া সংসদ রংপুর বিভাগের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন। সমকালীন বাংলা ছড়া সাহিত্যের জীবন্ত কিংবদন্তি প্রখ্যাত শিশুসাহিত্যিক ও শিশুসংগঠক রফিকুল হক। তিনি ‘দাদুভাই’ নামেই বেশি পরিচিত। অধুনালুপ্ত দৈনিক পূর্বদেশের ছোটদের পাতা ‘চাঁদের হাটের’ সম্পাদক ও পরবর্তী সময়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা হওয়ার কারণে তার এ পরিচিতি। তিনি ছড়া বানান মুখে ছড়া কেটে। ছয় দশক ধরে তিনি লিখে চলেছেন ছোটদের ও বড়দের জন্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশে প্রথম ছড়া লেখার কৃতিত্বের অধিকারী তিনি। রফিকুল হক দাদুভাই একজন স্বনামধন্য গীতিকার ও নাট্যকার। টেলিভিশন ও বেতার মাধ্যমে তার লেখা অসংখ্য বড়দের ও ছোটদের নাটক এবং শিশুতোষ গান দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।
