৩১ জুলাই মুদ্রানীতি ঘোষণা

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০৭

আগামী ৩১ জুলাই, বুধবার সকাল সাড়ে ১১টায় ২০১৯-২০ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। প্রতিবছর দুইবার মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। একবার বছরের শুরুতে, অর্থাত্ জানুয়ারিতে। আরেকবার বছরের মাঝামাঝিতে, অর্থাত্ জুলাই মাসে। দেশের দারিদ্র্যবিমোচন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আর্থিক নীতি ও মুদ্রানীতি বড়ো ভূমিকা রাখে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতেও মুদ্রানীতির কার্যকর ভূমিকা রয়েছে। মুদ্রানীতির বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা প্রক্ষেপণের মাধ্যমে পরবর্তী ছয় মাসে দেশের সার্বিক গতি-প্রকৃতি নির্ধারণ করা হয়। ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতিতে সরকারি খাতের প্রবৃদ্ধি বাড়িয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতির ১৬ দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ দশমিক ৫ শতাংশ ধরা হয়।