এশিয়া কাপে হারের পর বড় দুঃসংবাদ পেলেন পাক ক্রিকেটাররা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৬

এশিয়া কাপে ভারতের কাছে ফাইনালসহ টানা তিন ম্যাচ হেরেছে পাকিস্তান। সবমিলিয়ে টানা ৮ ম্যাচে ভারতের কাছে হেরের তেঁতো স্বাদ পেয়েছে তারা। সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনাল হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের ওপর কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। তাদের বিদেশি লিগে খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল!

পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমদ সায়েদ ক্রিকেটারদের জানিয়েছেন, ‘পিসিবি সভাপতির অনুমোদনক্রমে দেশের বাইরের কোনো (ফ্র্যাঞ্চাইজি) লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র স্থগিত করা হলো। এই আদেশ বহাল থাকবে পরবর্তী ঘোষণার আগপর্যন্ত।’

তবে ঠিক কী কারণে হঠাৎ এনওসি স্থগিতের এই সিদ্ধান্ত সেই ব্যাখ্যা দেওয়া হয়নি। একই তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে বলা হয়, পিসিবি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এনওসি নিয়ে সিদ্ধান্ত নিতে চায়। তবে শর্তগুলো পুরোপুরি প্রকাশ করা হয়নি। পিসিবির লক্ষ্য– ক্রিকেটাররা যাতে জাতীয় প্রতিযোগিতায় ও ঘরোয়া লিগে মনোযোগী হন। এ ছাড়া এনওসি কতদিন পর্যন্ত স্থগিত থাকবে সেই সময়সীমাও এখনও স্পষ্ট নয়।

এদিকে, ২ ডিসেম্বর থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি-২০। আগামীকাল (১ অক্টোবর) আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের ১৬ ক্রিকেটার।

Salman Agha and Co celebrate after Pakistan sealed a spot in the final, Bangladesh vs Pakistan, Men's T20 Asia Cup, Dubai, September 25, 2025

এ ছাড়া ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে অন্যতম জনপ্রিয় অস্ট্রেলিয়ান টুর্নামেন্ট বিগ ব্যাশ। যেখানে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিসহ ৭ পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা রয়েছে। তবে পিসিবির এমন সিদ্ধান্তে পাক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ইত্তেফাক/জেডএইচ