চার দিনের চলমান অবরোধ কর্মসূচি স্থগিত করেছে খাগড়াছড়ির জুম্ম ছাত্র-জনতা। শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা দাবির বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় সংগঠনটির ফেসবুক পেইজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অবরোধ আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। তবে দাবিগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রশাসনের কার্যক্রমের ওপর নির্ভর করে ভবিষ্যতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠকে জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে তারা ৮ দফা দাবি তুলে ধরেন। প্রশাসন দাবিগুলোর বাস্তবায়নে আশ্বাস দিলে এবং ১৪৪ ধারা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলে এই অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।
২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া জুম্ম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র-জনতা। অবরোধ চলাকালে ২৮ সেপ্টেম্বর গুইমারার রামসু বাজার এলাকায় সহিংস সংঘর্ষ হয়, যাতে তিনজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন বলে দাবি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গুইমারার সংঘর্ষ-ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার এবং গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী।
ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।
