একটা দেশের উন্নতি অনেকাংশে সে দেশের যোগাযোগব্যবস্থার ওপর নির্ভর করে। আমাদের দেশে নতুন নতুন সড়ক হচ্ছে। চলাচলের অনুপযোগী সড়কের সংস্কারও হচ্ছে। তবে আমাদের মানসিকতার সংস্কার হচ্ছে কতটুক? যেখানে সেখানে গাড়ি পার্কিং করি আমরা—এটা যেন আমাদের অধিকার! গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনের ব্যবহার আমাদের স্মাটনেস বাড়িয়ে দেয়! গাড়িতে সিট বেল্ট পরতে বলা হলেও খুব কমই এটা মানতে দেখা যায়। গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তার জন্য গতিরোধক দেওয়া হয়। তবে সামনে যে গতিরোধক আছে এটা অনেক সময় বোঝাও যায় না। কিছুদিন আগে যশোর যাচ্ছিলাম, তখন এমনই একটা গতিরোধকের কারণে সিট থেকে আমি এতটা ওপরে উঠে গিয়েছিলাম যে আমার মাথা আরেকটু হলে বাসের সিলিং স্পর্শ করত। আমি না হয় নিজেকে সামলে নিয়েছিলাম, তবে বাসের অনেকেই রীতিমতো আহত হয়েছিলেন। আমার মনে হয়, দূরপাল্লার বাসগুলোতে সিট বেল্টের ব্যবস্থা রাখা উচিত। আমাদের সকলেরই উচিত আইন মেনে চলা, রাস্তায় চলাচলে আরো সচেতন হওয়া।
শেখ শাকিল হোসেন
শিক্ষার্থী, সাতক্ষীরা সরকারি কলেজ
