ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয়দের অবরোধ, ৫ কিলোমিটার যানজট

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১২:৫৯

ঢাকার সাভারে শোভাপুরসহ তেতুলঝোড়া ইউনিয়নের তিন এলাকায় জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের লেনে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।

আন্দোলনকারীরা জানান, অল্প বৃষ্টি হলেই রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শুধু সড়কেই পানি জমে না, অনেক ঘরবাড়িতেও বৃষ্টির পানি ঢুকে পড়ে। ফলে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তারা। এ সময় আন্দোলনকারীরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, মঙ্গলবার রাতের বৃষ্টির কারণে রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী ও যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে ছিল ঘণ্টাখানেক।

ইত্তেফাক/এনটিএম