আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর ব্যাটিং লাইনআপ নিয়ে নতুন করে ভাবছে ইংল্যান্ড। লর্ডসে অনুষ্ঠিত একমাত্র টেস্টটিতে অভিষিক্ত জেসন রয় আর জো ডেনলিকে দিয়ে চেষ্টা করেছিল তারা। আসন্ন অ্যাশেজে কোচ ট্রেভর বেইলিস ইঙ্গিত দিলেন কোনো সিনিয়রকে তিনে খেলানোর। তাই দলের সবচেয়ে সিনিয়র জো রুট আর বেন স্টোকসের মধ্যে কে তিনে খেলবেন তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। তবে রুটকে তিনে খেলানোর ক্ষেত্রে তার মতকেই প্রাধান্য দেয়া হবে বলে জানালেন ইংল্যান্ড কোচ। তিনি বলেন, ‘দেখুন, জো আমাদের অধিনায়ক। সেই চূড়ান্ত সিদ্ধান্তটা নেবে, চারে ফেরত যাওয়ার আগে যেমন নিয়েছিল। সে জানে আমি কেমন অনুভব করি। সে ২০ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে খেলুক কিংবা চতুর্থ ব্যাটসম্যান হিসেবে, আমার বিশ্বাস সে ভালোই খেলবে।’
