ভালো খেলেই খুশি সিডল

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:২৮

গত কয়েক মাস ধরে নানারকম ‘কামব্যাক’ হচ্ছে পিটার সিডলের। ২০১৮ সালের অক্টোবরে প্রায় দুই বছর বাদে টেস্ট দলে ফিরেছিলেন। এরপর এ বছর জানুয়ারি মাসে প্রায় ৯ বছর পর ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া দলের হয়ে। এবার সিডলের অ্যাশেজ দলে ফেরার পালা। শেফিল্ড শিল্ড ও কাউন্টি ক্রিকেটে দারুণ পারফরম করে ফিরে এসেছে এবারের অ্যাশেজ দলে।

নিজের ফেরা সম্পর্কে বলতে গিয়ে সিডল বলছিলেন, গত বছর কোচ জাস্টিন ল্যাঙ্গারের কাছ থেকে একটা বার্তা পেয়ে তিনি পুনরুজ্জীবিত হয়েছেন। সেই বার্তার কথা বলছিলেন সিডল, ‘এটা গত বছরের ঘটনা। আমি তখন এসেক্সের হয়ে ভালো খেলছিলাম। সেই সময় তার (ল্যাঙ্গারের) কাছ থেকে কয়েকটা ফোন ও ম্যাসেজ পেয়েছিলাম। সে আমাকে ফোনে বলেছিল, মনে রেখো, প্রতিটা খেলা হিসাব করা হয়। আমি সেভাবেই ব্যাপারটা দেখছিলাম। কিন্তু কোচের কাছ থেকে এরকম একটা কথা শোনা অবশ্যই দারুণ একটা ব্যাপার ছিল।’

সিডল বলছিলেন, তিনি গত এক বছর ধরে যে পরিশ্রম করেছেন এবং যা কিছু করেছেন, তার সবই এই অস্ট্রেলিয়া দলে আবার ফেরার জন্য। অবশেষে সেটা কাজে দিয়েছে, ‘এটা কোনো ব্যাপার ছিল না যে, আমি কোনো দলের হয়ে খেলছি। আমি সবসময় ভালো খেলতে চেয়েছি। সবসময় দলের জয়ের জন্য পারফরম করতে চেয়েছি। আমি এভাবেই দেখেছি ব্যাপারটা। আমি দেশের মাটিতে ভালো একটা গ্রীষ্ম শেষ করেছি। এরপর এসেক্সের হয়ে এসে ভালো করেছি। আমি ব্যক্তিগতভাবে জানতাম যে, আমি নিজেকে অ্যাশেজে আরেকটা সুযোগ দেওয়ার জন্য যা যা করা দরকার, তাই করেছি। আশা করছি, এখন আবার অস্ট্রেলিয়া দলে মাঠে নামার সুযোগ পাব।’

তবে সিডল মনে করেন না যে, জাতীয় দলে খেলাটাই শেষ কথা। তিনি নিজে শেষ পর্যন্ত জাতীয় দলের স্বপ্নেই ছুটেছেন। কিন্তু সেই ডাকটা না পেলেও ভালো খেললে সন্তুষ্ট থাকতেন বলে মনে করেন তিনি, ‘এটা স্রেফ ইচ্ছাশক্তির ব্যাপার এবং ভালো পারফরম করার ব্যাপার। আমি যদি ভালো পারফরম করি এবং কখনোই আর অস্ট্রেলিয়া দলে না খেলি, তাতেও আমি খুশী। কারণ, আমি ভালো খেলছি। আমি যা করছিলাম, তা নিয়ে আমি খুশী ছিলাম। কিন্তু তারপরও আমি যেহেতু অস্ট্রেলিয়া দলে আবার ডাক পেয়েছি, আমি কঠোর পরিশ্রম করছি। আমি চেষ্টা করছি, আমাকে যেখানেই খেলতে বলা হোক, আমি যেনো ভালো করতে পারি। এটাই আমার চূড়ান্ত লক্ষ্য।’