জিম্বাবুয়ের ড্রেসিং রুমেও বিবাদ!

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:২৮

জিম্বাবুয়ে ক্রিকেটের পরিস্থিতি এখন ঘোলাটে। সহসাই কোনো সমাধান না দেখে অনেকটা বাধ্য হয়েই দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা দেশের ক্রীড়ামন্ত্রী ক্রিস্টি কভেন্ট্রির কাছে এক চিঠি পাঠিয়েছেন। যেহেতু আইসিসি তাদের সিদ্ধান্তে অনড়, জিম্বাবুয়ে সরকারকেই তাই এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে— এমন মত দিয়েছেন তিনি।

এই চিঠিতে চাঞ্চল্যকর একটা তথ্যও দিয়েছেন মাসাকাদজা। তিনি জানিয়েছেন, বোর্ডের এই জটিলতার প্রভাব পড়েছে দলের ড্রেসিংরুমেও। তিনি লিখেছেন, ‘এই ঘটনা ড্রেসিংরুমে বিভক্তি সৃষ্টি করছে। এর প্রভাব নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড সিরিজেও দেখা গেছে।’

গেল ১৮ জুলাই জিম্বাবুয়ে ক্রিকেটে (জেডসি) সরকারি হস্তক্ষেপের অভিযোগে তাদের সদস্যপদ স্থগিত করে আইসিসি। সেই সাথে জিম্বাবুয়ে ক্রিকেটের নামে বরাদ্দ সকল অর্থ আটকে দেওয়া হয়েছে এবং জিম্বাবুয়ের সব ধরনের দলকে আইসিসির অনুমোদিত সব ধরনের খেলায় নিষিদ্ধ করা হয়েছে।

অক্টোবরের আইসিসি সভার মধ্যে জিম্বাবুয়ে তাদের সমস্যার সমাধান করতে পারলে অবশ্য এই স্থগিতাদেশ তুলে নেওয়া হতে পারে। এই সিদ্ধান্তের ফলে আপাতত জিম্বাবুয়ের মেয়েদের ও ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা অনিশ্চিত হয়ে গেল। সেই সাথে সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে না দলটি।

মাসাকাদজা মনে করেন, যত দ্রুত আইসিসির প্রেসক্রিপশন মেনে নেবে জিম্বাবুয়ে, ততই দেশটির ক্রিকেটের জন্য মঙ্গল। তিনি লিখেছেন, ‘আইসিসি ঠিক করছে না, ভুল করছে— সেসব নিয়ে সংস্থাটির সাথে তর্ক করার কোনো মানেই হয় না। তারা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, ওরা ওদের কাজটা করছে।’

মাসাকাদজা মনে করেন, এমন অবস্থায় আগের বোর্ড কমিটিকেই ফিরিয়ে আনা উচিত। লিখেছেন, ‘আমরা চাই, আপনি আগের বোর্ড কমিটিকে ফিরিয়ে আনুন। দুর্নীতি ও অন্যান্য বিষয়ে যেকোনো সময়েই ব্যবস্থা নেওয়া যাবে। আমাদের খেলাটাই বেশি জরুরি। এখন যত দ্রুত সম্ভব আগের কমিটিকে ফিরিয়ে আনাই প্রধান কাজ।’

জিম্বাবুয়ের ক্রিকেটের চলমান অস্বস্তি ক্রিকেটারদেরও বেশ ভালো ভাবে ছুঁয়ে গেছে। ক্রিকেটারদের ক্যারিয়ারটাই হুমকির মুখে পড়ে গেছে। তিনি লিখেছেন, ‘এখানে পরিস্থিতি এমন যে, যে যেভাবে পারে নিজেদের ক্ষমতা দেখিয়ে বেড়াচ্ছে। এটা ভাল কিছু নয়। এসব আমাদের ক্রিকেটের ভবিষ্যত্ হুমকির মুখে ফেলে দিয়েছে। বোর্ডের কমিটি স্থগিত হওয়ার পর গত সপ্তাহেই প্রথমবারের মতো আমরা বৈঠকে বসেছিলাম। সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। অনেকে অনেক রকম মন্তব্য করছে, এর কোনোটাই দলের হয়ে বলা নয়। সেজন্য আমিই দলের হয়ে সবার কথাটা বললাম।’