শিগগির মানিয়ে নেবেন আন্তনিও গ্রিজমান

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:৩০

বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে মনে করেন দলে নতুন আসা ফরোয়ার্ড আন্তনিও গ্রিজমান শিগগিরই দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে, দলের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। শনিবার এশিয়া সফরের শেষ ম্যাচে জাপানী দল ভিসেল কোবেকে হারানোর পর এই মত ব্যক্ত করেন বার্সা কোচ।

প্রাক মৌসুম এশিয়া সফরের শুরুটা চেলসির হার দিয়ে হলেও শেষ ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল বার্সেলোনা। চলতি গ্রীষ্মকালীন দলবদলে বার্সায় আসা গ্রিজমান এই দুই ম্যাচে গোল না পেলেও কোচের প্রশংসা ঠিকই কুড়িয়েছেন। ভালভার্দের মতে, লিওনেল মেসি-লুই সুয়ারেজদের সঙ্গে মানিয়ে নিতেও সমস্যা হবে না ফরাসি এই ফরোয়ার্ডের। বার্সা কোচ বলেন, ‘ভালো খেলোয়াড়রা সবকিছু সহজেই বুঝে যায়। আমরা পরে দেখবো সে অন্যদের সঙ্গে কেমন মানিয়ে নিতে পারে। তাকে নিয়ে আমাদের অনেক আশা। আমরা মনেকরি, তার দলে আসাটা কাজে দেবে। সে খুব দ্রুত জায়গা বদলাতে পারে এবং খুব সহজেই ফাঁকা জায়গা খুঁজে নিতে পারে। এমন খেলোয়াড়ই আমাদের প্রয়োজন ছিল।’