রাজধানীতে ‘আর্টিভিস্ট ডিসেম্বর’ শিরোনামে প্রদর্শনী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৮

 

মা হ মু দু ল  আ মি ন

 

আগামী ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হবে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’।  প্রোডাকশন হাউস এপিফ্যানিয়া ভিজুয়্যালসের দুই বছর পূর্তি উপলক্ষে ‘আর্টিভিস্ট ডিসেম্বর ২০১৮’ শিরোনামে প্রদর্শনী আয়োজন করেছে। পুরান ঢাকায় উদ্বোধিত নতুন স্টুডিওতে প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশ, ভারত, ভেনেজুয়েলা, কলোম্বিয়া, ইতালি, ইরাক, স্পেন ও নেদারল্যান্ডের খ্যাতিসম্পন্ন শিল্পীদের কাজ। তাদের মধ্যে আট জন বিদেশি ও চার জন দেশি শিল্পী রয়েছেন। তারা ব্যতিক্রমী এসব শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সমাজে বিস্তার করা মৌলবাদ, লিঙ্গবৈষম্য, সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও উন্নয়নমূলক সমস্যাগুলো। হাতে আঁকা ছবি, চিরকুট থেকে শুরু করে এখানে রয়েছে প্রতিস্থাপন শিল্প, ভিডিও দৃশ্য, আলোকচিত্র ও আরো অন্যান্য চমকপ্রদ কৌশলে গড়াসব শিল্পকর্ম; যা দেখে বিস্মিত হবেন শিল্পানুরাগীরা। পুরো ডিসেম্বর জুড়ে চারটি ভাগে এ আয়োজনের পরিকল্পনা থাকলেও আসন্ন জাতীয় নির্বাচনকে বিবেচনায় রেখে এর প্রথম পর্ব ডিসেম্বর মাসে আয়োজন করা হচ্ছে এবং পরবর্তী পর্বের সময়সূচি নির্বাচনের পর জানানো হবে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা অবধি চলবে। আগামীতে প্রতি বছরই ‘ইন্টারন্যাশনাল আর্টিভিস্ট প্যারেড বাংলাদেশ’-এর ব্যানারে অনুষ্ঠিত করার অভিপ্রায়ের কথা জানান আয়োজকেরা।