চীনা শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ বাংলাদেশের দর্শক

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:৩৬

বাংলাদেশ ও চীনের শিল্পীদের অভিনয়ে মুখর হয়ে উঠেছে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। ঢাকায় চীনা দূতাবাসের আয়োজনে ‘চীনা সংস্কৃতি মাস ২০১৯’ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের নাট্যদল এসেছে ঢাকায়। গতকাল রবিবার চীনা নাট্যদলটি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ করে রবীন্দ্রনাথের নাটক ‘চিত্রা’। এর পাশাপাশি একইমঞ্চে বাংলাদেশের লোক নাট্যদল পরিবেশন করে রবীন্দ্রনাথের নাটক ‘রথযাত্রা’। রবীন্দ্রনাথের নাটক নিয়ে চীনের তরুণ নাট্যশিল্পীদের এ পরিবেশনা ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশের দর্শকদের মধ্যে।

২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফরের অংশ হিসেবে নাট্যদলটি গতকাল শিল্পকলা একাডেমিতে আর গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মঞ্চস্থ করে নাটকটি।

‘চিত্রা’ নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথের নাট্যকর্ম এবং বাংলাদেশের সংস্কৃতিকে চীনা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে চীনের সংস্কৃতির বিশেষ সংস্পর্শের সুযোগ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। পাশাপাশি, ছাত্রছাত্রীদেরকে চীন এবং বাংলাদেশের সংস্কৃতির বিকাশ সম্পর্কে চিন্তাভাবনা করতে উত্সাহিত করার চেষ্টাও আছে।

গতকাল প্রদর্শনীর আগে উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আবু হেনা মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরো উপস্থিত ছিলেন চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় চীনা শিল্পীদের শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।

চীনের পিকিং ইউনিভার্সিটির পরিবেশনায় চিত্রা নাটকটি নির্দেশনা দিয়েছেন হৌ ইং চুয়ে, অনুবাদ করেছেন পাই থাই ইউয়ান এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লু চিয়া হুয়া, চিয়াং চাও লে, লাই হাই ফোং, লি লিন খুন ও লিউ চিং ই।

রবীন্দ্রনাথের নাটকের নারী চরিত্রগুলো নেওয়া হয়েছে সমাজের বিভিন্ন শ্রেণি ও স্তর থেকে। ‘চিত্রা’ নাটকের ‘চিত্রাঙ্গদা’ তেমনি একটি চরিত্র। এই নাটকের বিষয়বস্তু মহাকাব্য ‘মহাভারত’ থেকে নেওয়া হয়েছে। অপরদিকে, ‘রথযাত্রা’ নাটকে রথের গল্প বলা হয়েছে। রাজা, পুরোহিত, সৈন্য—কেউ রথ চালাতে পারছেন না। গভীর সংকট! জনগণ উদ্বিগ্ন, কেউ কোনো উপায় বের করতে পারছে না। অবশেষে নিম্নবর্ণের জনগণের নেতা তার দল নিয়ে এলো। তারা রথের রশি ধরতেই রথের চাকা সাবলীলভাবে চলতে শুরু করল!

লোক নাট্যদলের পরিবেশনায় রথযাত্রা নাটকটি নির্দেশনা দিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহারিয়ার কামাল, আবু বকর বকশী, জিয়াউদ্দিন শিপন, বিপুল কুমার দাস, মাস্উদ সুমন, জুলফিকার আলী, আজিজুর রহমান সুজন, শিশির কুমার রায়, মুসা রুবেল, মো. ফজলুল হক, মো. তাজুল ইসলাম, শিল্পী, রুমা, মুমু, নিশি, বীথি, রুমা, মুন্নি, সোনিয়া, ইতিহাস, ফজলু, জাহাঙ্গীর রানা ও মিজান।