মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ইয়াসমিন নিলা (৩০) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুন্সী গ্রামের মো. আবুল বাসারের স্ত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রাজৈর থানার ওসি মো. মাসুদ খান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে ডোবায় পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইয়াসমিন নিলা নামে এক নারী নিহত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে পুলিশ।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বেপরোয়া গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
