অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:৩৯

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডে ১০ শতাংশ চাঁদা কর্তন আদেশ বাতিলের দাবিতে আয়োজিত ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। গতকাল রবিবার দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকরা বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। ঘণ্টাখানেক অবস্থান করে ঈদের পরে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। এর আগে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশ থেকে আগত শিক্ষকরা জড়ো হন।

শিক্ষকদের অভিযোগ, এমপিওভুক্ত শিক্ষকরা নানাভাবে বঞ্চিত। সরকারি শিক্ষকদের মতো অবসর ভাতা ও অন্য কোনো সুবিধা পান না। তাদেরকে এককালীন কিছু আর্থিক সুবিধা দেওয়া হয়। এর বিনিময়ে চাকরিজীবনের পুরো সময়ই তাদের বেতনভাতার সরকারি অংশ থেকে মোট ১০ শতাংশ টাকা চাঁদা হিসেবে কেটে রাখা হয়। অবসর ও কল্যাণে এই চাঁদার হার যথাক্রমে ৪ ও ২ শতাংশ ছিলো। কিন্তু সম্প্রতি তা বাড়িয়ে মোট ১০ শতাংশ করেছে সরকার। কিন্তু এর জন্য বাড়তি কোনো সুবিধা দেওয়া হবে না শিক্ষকদের। আর এখানেই আপত্তি শিক্ষকদের। অতিরিক্ত চাঁদা কর্তনের জন্য দীর্ঘদিন ধরে কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব পদে থাকা অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে দায়ী করেন শিক্ষকরা।  ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্য রঞ্জিত কুমার সাহা, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহসভাপতি আলী আসগর হাওলাদার  প্রমুখ।