ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী উখেং নু রাখাইনের মৃত্যুতে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এছাড়া মশা নিধন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপিও প্রদান করেছে শাখা ছাত্রলীগ ও ছাত্র ফ্রন্ট। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্লিনার, সুইপার ও মালিদের সকল প্রকার ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার বেলা ১১টায় পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মৌন মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। দাবি না মানলে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি চলাকালে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ডেঙ্গুর বিস্তার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন উপাচার্য। উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
এদিকে দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে শাখা ছাত্রলীগ। পরে শহীদ সালাম বরকত হলের আশপাশে মশা নিধন কর্মসূচি পালন করেন তারা। এসময় অন্যান্যের মধ্যে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার প্রমুখ। এছাড়া ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কার্যালয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনে প্রায় ২৫ শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিত্সা নেন। এছাড়া গতকাল রবিবার শতাধিক শিক্ষার্থী ডেঙ্গু পরীক্ষা করার জন্য চিকিত্সা কেন্দ্রে যান।
