স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সকল মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মীদের কাজ তদারকিতে বসছে জিপিএস ট্র্যাকার। আগামী সপ্তাহ থেকে সংস্থাটির সকল কর্মীদের জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল রবিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ইতিমধ্যে ডিএনসিসির অঞ্চল-১ থেকে অঞ্চল-৫ পর্যন্ত সকল এলাকার মশক নিধন কর্মী, মশক সুপারভাইজার ও মনিটরিং কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর ডিএনসিসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। মেয়র নগরবাসীকে নিজ নিজ এলাকার মশক নিধন কর্মী, মশক সুপারভাইজার ও মনিটরিং কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর জেনে নিয়ে জবাবদিহিতার আওতায় আনার আহবান জানান। ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘরে ঘরে প্রচারণা চালানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আতিকুল ইসলাম আহবান জানান।
অনুষ্ঠানের পরে শিক্ষার্থীদের নিয়ে তিনি এআইইউবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিত্যক্ত টায়ার ও পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করেন।
