জ্বরে ভুগছেন হৃদয়, দ্বিতীয় ম্যাচেও খেলা নিয়ে শঙ্কা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৮:২৭

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় পায় টাইগাররা। সেই ম্যাচে ছিলেন না ব্যাটার তাওহিদ হৃদয়। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

শুক্রবার (৩ অক্টোবর) বিরতি ছাড়াই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ–তে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। 

জানা গেছে, জ্বরের কারণে প্রথম ম্যাচে ছিলেন না হৃদয়। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। তাই দ্বিতীয় ম্যাচেও এই ব্যাটারের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র বলেছেন, ‘তার (হৃদয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি) খেলার বিষয়টি এখনও নিশ্চিত না। সে অ্যান্টিবায়োটিকস নিচ্ছে এবং এখনও অসুস্থ। তবে দু’দিন আগে বা গতকালের চেয়ে তুলনামূলক ভালো। আমরা মাঠে যাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয়কে পর্যবেক্ষণে রেখেছে ফিজিও এবং দেবাশীষ (বিসিবির প্রধান মেডিক্যাল অফিসার)।’

Towhid Hridoy anchored the chase, Bangladesh vs Hong Hong, Men's T20 Asia Cup, Abu Dhabi, September 11, 2025

এ বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধরী বলেন, ‘দলের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, জানতে পেরেছি হৃদয় আগের চেয়ে তুলনামূলক ভালো আছে। তবে আপনাকে বুঝতে হবে, জ্বর কেটে গেলেও আপনার দুর্বলতা থাকতে পারে। যদিও তেমনটা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ম্যাচেও হয়তো তাকে পাওয়া যাবে না।’

ইত্তেফাক/জেডএইচ