এনটিআরসিএর জাতীয় মেধাতালিকায় থাকা শিক্ষক নিবন্ধনধারী রিটকারীদের নিয়োগ না দিয়ে নতুন করে ১৬তম পরীক্ষার সার্কুলার জারি করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, এনটিআরসিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদিদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহ্রাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শারফউদ্দীন আবেদ। রিট আবেদনে বলা হয়, এনটিআরসিএ ঘোষিত জাতীয় মেধাতালিকায় উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে নতুন করে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার জারি করা হয়।
