প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। গতকাল রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়ে বলেন, প্রবল বন্যা ও মশাবাহিত রোগ ডেঙ্গু সরকারের কাজ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বন্যা ও ডেঙ্গু মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বন্যা ও ডেঙ্গু সমস্যাকে সিরিয়াসলি নিয়ে এ দুটি সমস্যা মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। এজন্য দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
সকালে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে প্রতিনিধিদের মাধ্যমে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগ যে কোনো ধরনের দুর্যোগের সময় মানুষের পাশে থাকে। এ দল কখনো ত্রাণ নিয়ে রাজনীতি করে না। তিনি বলেন, দেশের ১৮টি জেলায় বন্যায় লোকজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির নেতারা ত্রাণ বিতরণের নামে লোকদেখানো ফটোসেশন করে আর গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগ শুধু বন্যার সময় দুর্গত মানুষের মধ্যে ত্রাণই বিতরণ করবে না, তাদের পুনর্বাসন পর্যন্তও পাশে থাকবে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়া দেড় বছর ধরে কারাগারে থাকলেও তার মুক্তির জন্য দলটি তেমন কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। তিনি বলেন, বিএনপির ডাকে জনগণ আর সাড়া দেবে না। কারণ তাদের নেতিবাচক রাজনীতির জন্য জনগণ আর তাদের বিশ্বাস করে না।
দেশ সংকটে রয়েছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সংকটে আছে, দেশ সংকটে নেই। উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের শাস্তির বিষয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। তবে যাচাই-বাছাইয়ের জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বন্যাকবলিত জেলার জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ১০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। ওবায়দুল কাদের গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের ইসলামপুর, কুড়িগ্রামের রাজীবপুর ও সিরাজগঞ্জে ত্রাণ বিতরণে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের কাছে ত্রাণসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
