আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, জঙ্গি দমনের মতো মশক নিধন ও গুজব সৃষ্টিকারীদের দমনেও আমরা সফল হব। গতকাল রবিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলীয় জোটের সঙ্গে পেশাজীবী সংসঠনসমূহের ‘সামাজিক অবক্ষয় রোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং দেশব্যাপী গুজবের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের মেয়রের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি, অহেতুক কথা না বলে, অযৌক্তিক অজুহাত সৃষ্টি না করে অ্যাডিস মশা মারার কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। যুদ্ধকালীন অবস্থা বিবেচনা করে অ্যাডিস মশা নির্মূলে প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগান। তিনি বলেন, যেহেতু জঙ্গি দমন করতে পেরেছি, তাই মশক বাহিনীকে অব্যশ্যই ধ্বংস করতে পারব। তিনি বলেন, মশা মারার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর আছে। এটা সক্রিয় করতে হবে। এ সময় তিনি ডেঙ্গু আক্রান্ত ও নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা নষ্ট হতে দেওয়া যাবে না। ১৪ দল ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে চক্রান্তকারীদের ষড়যন্ত্র নস্যাত্ করে দেবে। প্রিয়া সাহার চক্রান্ত সফল হবে না। মোহাম্মদ নাসিম বলেন, শিগগিরই ১৪ দলের দুটি টিম উত্তরবঙ্গে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাবে। একটি টিমে নেতৃত্ব দিবেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং অন্য টিমে নেতৃত্ব দিবেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, গুজব হলো সাময়িক বিভ্রান্তির কুয়াশা সৃষ্টি করা। গুজবে কখনো সরকার পতন হয় না। তিনি বলেন, অ্যাডিস মশার কামড়ে ডেঙ্গু হলেও প্রিয়া সাহার কামড়ে সাম্প্রদায়িক জ্বর বাংলাদেশে হবে না।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, প্রিয়া সাহাকে সংগঠিত করে পরিকল্পিতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছিল। সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, গুজবের মাস্টার বিএনপি থেকে সজাগ থাকতে হবে। সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গুজব হলো বিভ্রান্তি ও অসত্য তথ্য। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেন, ডেঙ্গু প্রতিবছর হয়। তবে এ বছর আক্রমণ বেশি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ওয়াশিংটনে সরকারের বিরুদ্ধে জামায়াত-বিএনপির শক্তিশালী লবিস্ট কাজ করছে। তাই এখনই আমাদের সতর্ক থাকতে হবে। জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, গুজবের বিষয়টি হালকা করে দেখলে হবে না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক বলেন, প্রিয়া সাহার বক্তব্য নিজস্ব, সংগঠনের পক্ষ থেকে তিনি সেখানে যাননি। পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেওয়া প্রিয়া সাহার বক্তব্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নয়। আর প্রিয়া সাহা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিন্তু সেখানে পরিচয় দেওয়া আছে সাধারণ সম্পাদক হিসেবে। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে নজির স্থাপন করায় কারো কারো ভালো লাগছে না।
সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
