মো. জিয়াউর রহমান
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
‘গুরুর চরণ অমূল্য ধন বাঁধ ভক্তি রসে’ ও ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ফকির লালন শাহ’র এই বাণীকে প্রতিপাদ্য করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত ৩০ নভেম্বর রাতভর লালন সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গুরু পদার্পণ দিবস উপলক্ষে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের আব্দুল হালিম চিশতীর বাড়িতে কুষ্টিয়া সদর আশ্রমে লালন চর্চা কেন্দ্রের ভক্তবৃন্দ এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। উপজেলার ঝংকার শিল্পীগোষ্ঠী, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার সহযোগিতায় অনুষ্ঠিত লালন সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকার সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালন ভক্ত আব্দুল হালিম চিশতী। লালনসঙ্গীত পরিবেশন করেন বেতার ও টিভিশিল্পী মাহফুজা মান্না মনি, কোহিনূর আক্তার গোলাপী, নাজমিন নাহার রত্না, মনসুর বয়াতী, মাসুদ শাহ, ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পী রবীন্দ্র বিশ্ব শর্মা, স্থানীয় শিল্পী প্রদীপ পণ্ডিত, সুসেন সাহা রায় ও আনিসুর রহমান সাগর।
