রূপগঞ্জে গ্যাস সংযোগ বন্ধ থাকায় সমস্যায় ৩০ গ্রামের মানুষ

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:১৭

রূপগঞ্জের একটি কারখানায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দুই দিন ধরে গ্যাস সংযোগ বন্ধ রাখায় ৩০ গ্রামের মানুষ সমস্যায় পড়েছেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিস্ফোরিত হাই-প্রেসারের পাইপ লাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। গত শনিবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার হাটাব এলাকায় পাইপলাইন বিস্ফোরণের ঘটনা ঘটলে ডিআরএস (কন্ট্রোল রুম) থেকে পুরো এলাকার গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিতাস গ্যাসের ট্রান্সমিশন ডিএন্ডডি ডেমরা শাখার একটি টিম মেরামতকাজ করছিল।

তিতাস গ্যাসের ট্রান্সমিশন ডিএন্ডডি ডেমরা শাখার উপব্যবস্থাপক আক্তারুজ্জামান বলেন, বিস্ফোরিত পাইপলাইনের বেশ কিছু স্থানে ‘ড্যামেজ’ হয়ে গেছে। ড্যামেজ স্থানগুলো কেটে ফেলে মেরামত করতে সময় লাগছে। আমরা গ্রাহকদের কথা মাথায় রেখে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছি। মেরামত কাজ শেষ হলেই গ্যাস চালু করে দেওয়া হবে।

শনিবার হাটাব এলাকায় পারটেক্স পেপার মিলে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণের ঐ ঘটনায় এবাদত হোসেন (৩৮) নামে এক ওয়েল্ডার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন চার জন।