খুলনায় মাছের ঘেরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে আজগর শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রবিবার ভোরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজগর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার গ্রামের মহর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে কয়েকটি মাছের ঘের রয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এসব ঘেরে মাছ চাষ করে আসছে। কিছুদিন ধরে একটি চক্র ঘেরে কীটনাশক ছিটিয়ে মাছ চুরি করছে। গত শনিবার রাতে কীটনাশক ছিটিয়ে মাছ ধরার সময় এলাকাবাসী আজগরকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল রবিবার তার মৃত্যু হয়।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, ঘেরে কীটনাশক দিয়ে মাছ চুরি করছিল তিন চোর। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিয়ে আজগরকে ধরে গণপিটুনি দেয়। এসময় বাকি দুজন পালিয়ে যায়। ঘেরে কীটনাশক দেওয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, আড়াইটা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
