জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। অনলাইন-এ আবেদন গ্রহণ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের অনলাইন আবেদন ফরম আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
১ম বর্ষ অনার্স প্রফেশনাল ভর্তি
২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স (প্রফেশনাল) অনলাইন আবেদন গ্রহণের তারিখ ২২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের অনলাইন আবেদন ফরম ১০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ১ম বর্ষ অনার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৪ অক্টোবর থেকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুর করিম জানান, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্ন্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। যথাসময়ে দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রকাশ করা হবে।
