মুহাম্মদ দিদারুল আলম
চট্টগ্রাম প্রতিনিধি
শোভাযাত্রা, ঢোল বাদন, একক ও বৃন্দ আবৃত্তি, কবিতাপাঠ, গান, দলীয় নৃত্য, স্মৃতিচারণ এবং কথামালার মধ্য দিয়ে শেষ হলো প্রমা আবৃত্তি সংগঠনের ২৯ বছরে পদার্পণ উপলক্ষে দু-দিনব্যাপী অনুষ্ঠানমালা। গত ৩০ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রমার সভাপতি রাশেদ হাসান ও সাধারণ সম্পাদক বিশ্বজিত্ পালের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
বিশেষ অতিথি ছিলেন ড. আনোয়ারা আলম, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান।
সৈয়দ হাসান ইমাম তার বক্তব্যে সুন্দর সমাজ নির্মাণে শহর কেন্দ্রিক সংস্কৃতি চর্চাকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রমার সহ-সভাপতি কংকন দাশ, জেরিন মিলি ও প্রশিক্ষণ সম্পাদক তাজুল ইসলাম। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন বরেণ্য আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, মোকাদ্দেস বাবুল, কাজী মাহাতাব সুমন, মাজহারুল হক লিপু, দেবাশীষ রুদ্র, এহতেশামুল হক, শামীমা শীলা, মিশফাক রাসেল, মাহবুবুর রহমান, সেলিম রেজা সাগর প্রমুখ। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন ও স্বরনন্দন। কবিতাপাঠ করেন মানজুর মুহাম্মদ, অভীক ওসমান, এজাজ ইউসুফী, বিশ্বজিত্ চৌধুরী, মুনিরুল মনির, সঞ্জীব বড়ুয়া, হাফিজ রশিদ খান ও আহমেদ মুনির।
দলীয় নৃত্য পরিবেশন করে ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র এবং স্কুল অফ ও রিয়েন্টাল ড্যান্স। সঙ্গীত পরিবেশন করেন কাবেরী সেনগুপ্তা, কল্পনা লালা, শংকর দে, ইন্দ্রিলা ঘরজা পূজা, জাহেদ হোসেন, মধুলিকা মণ্ডল। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোয়ান জাহান তুলি, নাজমুল আলিম সাদেকী সুমন, তামান্না ইমলাম ও রাজু দাশগুপ্ত।
