মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে রাজধানীর কামরাঙ্গীরচরে আপন ভাগনের হাতে খুন হয়েছেন মামা। নিহতের নাম নুর ইসলাম (৩২)। অভিযুক্ত ভাগনে রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে কামরাঙ্গীরচরের রসুলপুর ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
কামরাঙ্গীরচর থানার এসআই মাহমুদুল্লাহ জানান, কামরাঙ্গীরচরের রসুলপুর ২ নম্বর গলিতে নুর ইসলাম পরিবার নিয়ে বসবাস করতেন। একই বাড়িতে তার ভাগনে রাকিব বাবা-মায়ের সঙ্গে থাকেন। সপ্তাহ খানেক আগে গোপনে মামার মোবাইল ফোন নিয়ে ব্যবহার করে রাকিব। এ নিয়ে মামা-ভাগনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে এটা পারিবারিকভাবে মীমাংসা করা হয়। এরপর গতকাল সকাল সাড়ে ৭টার দিকে বাসায় আবার মামা-ভাগনে তর্ক বাধে। একপর্যায়ে ভাগনে রাকিব মামা নুর ইসলামের বুকে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে। তখন বাসার লোকজন নুর ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ রাকিবকে গ্রেফতার করেছে।
