আবৃত্তি-গান আর নাচে শিল্পের শহর অনুষ্ঠান

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১

মোহাম্মদ আরজু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

কবিতা আবৃত্তি-গান আর মনোজ্ঞ নাচের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পের শহর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নির্দেশনায় সম্প্রতি শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি এ আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সম্পাদক মো. মনির হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য বাছির দুলালের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন কবি জয়দুল হোসেন। এ সময় তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা লাশ নেবো না, গোলাপ নেবো শীর্ষক আবৃত্তি প্রযোজনা এবং ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের শিল্পীরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্যে মনোমুগ্ধকর হয়ে ওঠে শিল্পের শহর অনুষ্ঠান। উদ্বোধনী বক্তব্যে কবি জয়দুল হোসেন বলেন, ‘শিল্পের শহর অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি নতুন ধারণা। শিল্পের শহর অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় শিল্পীদের উত্সাহিত করার একটি নতুন সুযোগ সৃষ্টি হলো। এ কর্মসূচি প্রতিবছর বাস্তবায়িত হলে সংস্কৃতির বিকাশে সহায়ক হবে। শিল্পবান্ধব শহর প্রতিষ্ঠার ক্ষেত্রে এ কর্মসূচি অত্যন্ত সহায়ক।’