মশা নিধনে ব্যর্থতা, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও ডেঙ্গুর মহামারিকে গুজব বলে উড়িয়ে দেওয়ায় গতকাল ঢাবি ক্যাম্পাসে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক স্বপন ও দুই সিটি করপোরেশনের মেয়রের কুশপুত্তলিকা দাহ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। একই সঙ্গে তাদের অবিলম্বে পদত্যাগের দাবি জানায় সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। এসময় মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শুভ, শোয়েব হোসেনসহ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মশা নিধনে প্রশাসনের অবহেলা ও ডেঙ্গুতে মৃত্যুবরণকারী শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীনের জানাজা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পড়তে না দেওয়ার প্রতিবাদে গতকাল রবিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া মানববন্ধনে সংহতি জানায় সম্প্রতি ওয়াসার পানি নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মিজানুর রহমান। এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের জানাজা, কেন ক্যাম্পাসে হতে দিল না?’, ‘মশা নিধনে অবহেলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
ডেঙ্গুর প্রকোপে আইন বিভাগের টার্ম পরীক্ষা স্থগিত
একই ব্যাচের ছয় শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাইমা হক স্বাক্ষরিত একটি নোটিশ দেওয়া হয়েছে।
