ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ জানিয়েছেন, ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ায় দেশটিতে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি বাড়ছে। উভয় দেশ এই সুবিধাকে আরো কার্যকরভাবে ব্যবহার করতে পারে বলে তিনি উল্লেখ করেন। গতকাল রবিরার তৈরি পোশাকশিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে তিনি এ কথা বলেন।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা, বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফয়সাল সামাদ, সহসভাপতি মো. মশিউল আজম (সজল) প্রমুখ। সভা শেষে বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বলেন, অবকাঠামোগত দুর্বলতার কারণে দুই দেশের পণ্য বাণিজ্যের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। ভারত থেকে বেশিরভাগ পণ্য আনা-নেওয়া হয় বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে। ফলে এই বন্দরে যানজট লেগেই থাকে। এর বিকল্প কোনো বন্দর বা আরো অতিরিক্ত বন্দর ব্যবহার করা যায় কি না, তা নিয়ে এখনই দুই দেশের ভাবার সময় এসেছে।
