৩৭ বছরে চালু হয়নি তাঁত বোর্ড ফ্যাসিলিটিজ সেন্টার, নষ্ট হচ্ছে ন্ত্রপাতি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৮:১০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে তিতাস নদীর পূর্ব পাড়ে নির্মিত তাঁত বোর্ড ফ্যাসিলিটিজ সেন্টারটি গত ৩৭ বছরেও চালু হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি ও অবকাঠামো।

১৯৮৯ সালে ২৬২ শতক জমির ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ফ্যাসিলিটিজ সেন্টারটি নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল বাঞ্ছারামপুরসহ আশপাশের উপজেলার তাঁতশিল্পীদের রং, মাকু ও সুতা সরবরাহ, পাশাপাশি স্থানীয় বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু যাদের জন্য এ সেন্টার, সেই তাঁতীরা এখন পর্যন্ত এর কোনো উপকারই পাননি।

সরেজমিন দেখা গেছে, বিশাল আকৃতির সেন্টারটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত ৬টি আবাসিক ভবন ও ১২টি ডরমেটরি ভবন অযত্ন-অবহেলায় জীর্ণদশায় পরিণত হয়েছে। ভবনগুলোর গায়ে শ্যাওলা পড়ে গেছে, কোথাও কোথাও ছাদ চুইয়ে পানি পড়ছে। নেই কোনো রক্ষণাবেক্ষণের লোকজন। ভেতরে রাখা মহামূল্যবান যন্ত্রপাতিও দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, একসময় বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে প্রায় ৩০ হাজার তাঁত চালু ছিল। এতে প্রায় ৫০ হাজার শ্রমিক কাজ করতেন। কিন্তু সময়ের পরিবর্তনে, কাঁচামালের মূল্যবৃদ্ধি, পুঁজি সংকট ও আধুনিকায়নের অভাবে আজ এই ঐতিহ্যবাহী তাঁত শিল্প বিলুপ্তির পথে।

স্থানীয় এক প্রবীণ তাঁত শ্রমিক বলেন, এই ফ্যাসিলিটিজ সেন্টার যদি চালু করা হতো, তাহলে আমরা অনেক উপকার পেতাম। এখন শুধু ইট-পাথরের একটি স্মৃতিচিহ্ন হয়ে পড়ে আছে। সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এত বছরেও।

ইত্তেফাক/এএইচপি