স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা জঙ্গিদের মূলোত্পাটন করতে পারিনি, তবে নিয়ন্ত্রণে রেখেছি। জঙ্গিরা বিদেশি নয়, দেশীয়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে মাথাচাড়া দিয়ে ওঠে। এদের মূলোত্পাটনের কাজ চলছে। তিনি বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব রটানো হচ্ছে, এটা ষড়যন্ত্র। তবে যারাই এসব ঘটনা ঘটিয়েছে, যারা গুজবে গণপিটুনিতে অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল রবিবার সচিবালয়ে ১৫ আগস্টের নিরাপত্তা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের মূল উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। কখনো জেএমবি, কখনো নিউ জেএমবি, আবার কখনো আনসারুল্লাহ বাংলাটিম নামে এরা কার্যক্রম চালাচ্ছে। এখন আবার লোনুল নামে আরো একটি গ্রুপ সৃষ্টি করেছে। আমরা এখনো এদের বিস্তারিত তথ্য পাইনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে এরা বোমা রেখে চলে যাচ্ছে। এদের সবকিছুই আমদের নিয়ন্ত্রণে রয়েছে। যারা এগুলো করেছেন আমরা খুব শিগগিরই তাদের ধরে ফেলব। পদ্মা সেতুতে মাথা লাগার গুজব সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশে ভালো কাজ হোক, তা কেউ কেউ চায় না। মূলত এরাই দেশের স্বাধীনতা চায়নি। তারাই বাংলাদেশের কোনো উন্নয়ন ভালোভাবে নেয় না। জনগণ এই গুজব বিশ্বাস করে না। গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় এরা। গুজব রটনাকারী ১০০ জনকে ধরা হয়েছে। আরো ধরা হবে। গুজবের কারণে পদ্মা সেতুর কাজ বিলম্বিত হবে না। প্রিয়া সাহার বক্তব্যকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে একটি গোষ্ঠী কাজ করছে, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় তাদের এ অপতত্পরতা কাজে আসবে না।
১৫ আগস্ট ঘিরে থাকছে কড়া নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে জাতীয় শোক দিবস। ১৫ আগস্ট প্রতিটি জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। সব ভেন্যুতেই প্রবেশ পথে থাকবে আর্চওয়ে। এছাড়া অনুষ্ঠানস্থল জুড়ে থাকবে সিসিটিভি। তিনি বলেন, এদিন সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত জাতির জনকের পরিবারের সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
