রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ হবে বলে আশ্বাস দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনে শিক্ষকদের কাছে সহযোগিতা ও সমর্থন চেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সমর্থন চান।
এই সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী যোগ দেন। অবসরের বয়স ৬৫ নির্ধারণ, শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণসহ চার দফা দাবি জানান তারা।
তারেক রহমান বলেছেন, অতীতের ভালো দৃষ্টান্ত থেকে অভিজ্ঞতা অর্জন ও খারাপ দৃষ্টান্ত বর্জন করে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। প্রভাবশালী রাষ্ট্র হিসাবে মেধা, মননে ও জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হবে। রাষ্ট্র ও সমাজে শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে হলে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দুর্নীতিবিরোধী সমাজ গড়তে স্কুলপর্যায়ে শিক্ষকদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষাখাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান এবং সংস্কারে কমিশন করারও প্রতিশ্রুতি দেন।
