মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি স্বরূপ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের মো. আহসান হাবীব। তিনি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রী জি. এল. এন. মূর্তি মেমোরিয়াল গোল্ড মেডেল’ লাভ করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে আহসান হাবীব মাস্টার অফ পারফর্মিং আর্টস (এম.পি.এ.) ইন থিয়েটার আর্টসে সামগ্রিকভাবে সেরা ফলাফল অর্জনের জন্য এ সম্মাননা পান। একাডেমিক কৃতিত্ব ও সৃজনশীল পারফরম্যান্সের ভিত্তিতে তিনি এস.এন. স্কুল অব আর্টস অ্যান্ড কমিউনিকেশনের সব বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে বিবেচিত হন।
দিনাজপুরের কৃতি সন্তান আহসান হাবীব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে স্নাতক (বি.এ.) সম্পন্ন করেন। এরপর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির আওতায় হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
নিজের অর্জন প্রসঙ্গে আহসান হাবীব বলেন, 'এই অর্জন আমার জীবনের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী এবং সৃষ্টিশীল অধ্যায়। আমি গর্বিত যে বাংলাদেশকে এই শিল্প ও শিক্ষাঙ্গনে প্রতিনিধিত্ব করতে পেরেছি। এই স্বীকৃতি আমাকে আন্তর্জাতিক পরিসরে সমসাময়িক থিয়েটার ও আন্তঃসংস্কৃতি চর্চা আরও গভীরভাবে অনুসন্ধানের অনুপ্রেরণা দেবে। আমি কৃতজ্ঞ আমার সকল শিক্ষক, বন্ধু ও সহপাঠীদের প্রতি, যারা নি:স্বার্থভাবে আমার এই পথচলায় পাশে ছিলেন। বিশেষভাবে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের থিয়েটার আর্টস বিভাগের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।'
আহসান হাবীবের এই সাফল্য শুধু ব্যক্তিগত গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং সাংস্কৃতিক অঙ্গনে এবং ভারতে বাংলাদেশের শিক্ষার্থী ও দেশের শিক্ষা-সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হবে।
উল্লেখ্য, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় গবেষণামূলক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে বর্তমানে ১৮টি দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস প্রোগ্রাম গত বছর বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০–১২০-এর মধ্যে অবস্থান করে।
