অ্যাশেজে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে: স্টিভ ওয়াহ

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৯:৩৭

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ বলেছেন, আসন্ন অ্যাশেজ সিরিজে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড পুনরায় মর্যাদাপূর্ণ এ লড়াইয়ে নামার জন্য প্রস্তুত। তবে ইংল্যান্ডের মাটিতে ১৮ বছর পর প্রথম জয় পেতে মরিয়া সফরকারীরা।

হোম সুবিধা সব সময়ই অ্যাশেজ সিরিজে নিয়ামক হয়ে থাকে। যার মধ্যে ব্যতিক্রম ছিল ২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের ৩-১ ব্যবধানে সিরিজ জয় এবং সর্বশেষ ২০০১ সালে ওয়াহর নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার পাওয়া জয়।

তবে সাবেক অধিনায়ক ৫৪ বছর বয়সী ওয়াহর মতে, আগামী ১ আগস্ট এজবাস্টনে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের সিরিজ জয়ে উভয় দলেরই সম্ভাবনা ‘৫০-৫০’।
তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ছয় সপ্তাহব্যাপী পাঁচ টেস্টের এ সিরিজে উভয় দলের ফাস্ট বোলারদের জন্যই একটা বড় প্রশ্ন হবে এবং যেটা পুরো সিরিজেই বড় প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ ধরুন জেমস এন্ডারসনের ইনজুরি আছে কিংবা আমাদের মিচেল স্টার্কেরও চোট সমস্যা আছে। সত্যিকারার্থেই এটা লাইনআপে প্রভাব ফেলতে পারে। ‘দলের গভীরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে একজন ব্যাটসম্যান হিসেবে আমি কোন দলকেই এগিয়ে রাখতে পারছি না। কারণ আমি জানিনা কোন দল সিরিজ জিতবে। আমি মনে করছি দারুণ একটা সিরিজ হবে।’

চলতি এ্যাশেজে অস্ট্রেলিয়া দলের মেন্টেরের দায়িত্ব পালন করা ওয়াহ বলেন, দীর্ঘদিন যাবত ইংল্যান্ডের মাটিতে অসিদের সিরিজ জিততে না পারাটা রহস্যজনক। তবে খেলোয়াড়দের প্রতি তার পরামর্শ হচ্ছে‘ তোমরা নিজেদের ইতিহাস সৃষ্টি কর’।

তিনি বলেন, ‘গত ১৮ বছরে প্রকৃত অর্থেই ইংল্যান্ডের কিছু ভাল দলের বিপক্ষে আমরা জিততে পারিনি। বেশ কিছু সিরিজে আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েছি এবং এমন কিছু মুহূর্ত সৃষ্টি করেছি যে আমরা সিরিজ জিততে পারতাম। সম্ভবত এমন অবস্থায় পড়লে ইংল্যান্ড অনেকবার পরাজিত হতো।


ইত্তেফাক/এএম