‘‘দিদিকেবলো ডটকম’’ চালু করলেন মমতা

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৭:৪৪

ভারতের পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় থামাতে চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মানুষের কথা শোনার জন্য বিশেষ উদ্যোগ নিলেন তিনি।লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই গণসংযোগের দিকে মন দেওয়ার কথা বলেছিলেন মমতা।

এবার বাড়িতে গিয়ে গিয়ে গণসংযোগের পাশাপাশি, ফোনে কিংবা ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগের ব্যবস্থা করে দিলেন মমতা। সোমবার নজরুল মঞ্চে জনসংযোগ কর্মসূচী ঘোষণা করেন তৃণমূলনেত্রী। যোগাযোগের জন্য একটি বিশেষ ওয়েবসাইট লঞ্চ করলেন তিনি। www.didikebolo.com এই ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে। পাশাপাশি, অভিযোগ জানানোর জন্য একটি ফোন নম্বরও দিয়েছেন তিনি। ফোন নম্বরটি হল 9137091370.

এছাড়াও কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন দলনেত্রী। আগামী ১০০ দিনে তৃণমূল নেতারা রাজ্যের ১০,০০০ টি গ্রামে যাবেন। সেখানে গিয়ে সবকিছু ঘুরে দেখতে হবে। কোথায় কি কাজ হয়েছে বা হয়নি সেগুলো জানতে হবে। শুধু ঘুরে দেখে আসা নয়, রাতও কাটাবেন ওই গ্রামে। গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হবে নেতাদের। বুথকর্মীদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে হবে। প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে খাওয়ার কথাও বলেছেন নেত্রী।

তবে কে কোথায় যাবে, কবে যাবে, সেই বিষয়ে দলই নির্দেশ দেবে। অর্থাৎ কেউ নিজের ইচ্ছামত জায়গায় যেতে পারবেন না। দল ঠিক করে দেবে তারা কোথায়, কখন যাবে।

কিন্তু দলের জন্য ফুলটাইমার নিয়োগ করার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তৃণমূলের ফুলটাইমার রাখার মত টাকা নেই। বিজেপি বা সিপিএমের এসবের জন্য আলাদা ফান্ড আছে বলে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুনঃ শর্ত সাপেক্ষে নাগরিকত্ব পাবে রোহিঙ্গারা: মিয়ানমার

সিপিএমই দলে প্রথম ফুলটাইমার নিয়োগ করে। তারাই গণসংযোগের কাজ করত। এখন বিজেপিও সার্বক্ষণিক কর্মী নিয়োগ করেছে। তার ফলও তারা পাচ্ছে। তৃণমূলও এবার সেই পথেই হাঁটতে চলেছে বলে জল্পনা তৈরি হয়েছিল।

ইত্তেফাক/টিএস