রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৮:১৩

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ক্যাম্পের এম-১৫ ব্লকের ‘মরাপাহাড়’ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একনলা একটি বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এপিবিএন সূত্রে জানা যায়, একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এপিবিএন সদস্যরা  অভিযানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এএইচপি