সাভারে পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে জবাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে ওই নারৗর মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন।
শনিবার রাতে সাভার থানা থেকে মাত্র ১০০ গজ দুরত্বে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যাক্ত ভবনের ২য় তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, রাতে পৌর কমিউনিটি সেন্টার থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন সাভার থানাকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্বিতীয় তলায় এক নারীর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে অর্ধনগ্ন অবস্থায় খুন করে পালিয়েছে।
স্থানীয়রা বলেন, সাভার থানা থেকে ১০০ গজের মধ্যে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকায় একটি মাদসেবীদের আখড়ায় পরিনত হয়েছে। এছাড়াও এখানে রাত হলেই নেশার পাশাপাশি অনৈতিক কার্যক্রম চলে বলে প্রমান পাওয়া গেছে। এভাবে একের পর এখানে হত্যাকান্ডের ঘটনা ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আশপাশের এলাকার বাসিন্দারা। গত দেড় মাসের ব্যবধানে ওই এলাকায় দুটি লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাভার থানার ওসি মো. জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে ওই নারীকে জবাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিতভাবে জানা যাবে।
এর আগে গত ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল।
