উত্সবে কেমন হবে সাজপোশাক

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৯:১৯

উত্সবের রং যেন সবার আগে ধরা দেয় সাজপোশাকে। সাজ কেমন হবে, পোশাক কেমন হবে—এমন ভাবনায় সবচেয়ে বেশি আপ্লুত থাকেন তরুণ-তরুণীরা। তাই তাদের জন্য এবারের উত্সবের সাজপোশাক নিয়ে লিখেছেন রেনেসাঁ আফরিন

প্রত্যেক জেনারেশনেরই ঈদ সম্পর্কে আলাদা প্রস্তুতি থাকে। যারা তরুণ, তারা যেমন ঈদে উদযাপনের দিকে মনোযোগী থাকেন, তেমনি নিজের ফ্যাশন সম্পর্কেও থাকেন সচেতন। তাই প্রতি ঈদে যেন তাদের দু-তিনটি নতুন পোশাক না হলে চলে না। এ দৃশ্য আমাদের অনেকেরই চেনা। তাই হয়তো অনেকে বলতে পারেন, পোশাকের প্রতি বাড়তি আকর্ষণ থাকে তো ঈদুল ফিতরের সময়, ঈদুল আজহায় কেইবা পোশাক নিয়ে এত মাথা ঘামায়! হ্যাঁ, এ কথা সত্য। ঈদুল আজহায় মানুষের নজর থাকে কোরবানির পশুর দিকে। তাই এ ঈদে মানুষ পোশাকসহ অন্যান্য বিষয়ের দিকে একটু কমই নজর দেন। তাই বলে তরুণদের ঈদ তো আর মাটি করে দেওয়া যায় না। এজন্য প্রতি ঈদেই একটি কি দুইটি পোশাক কেনাই হয়। কারণ, ঈদের সকালটা কোরবানি নিয়ে যাবতীয় কাজ থাকলেও দুপুরের পর থেকে বিশেষ করে বিকাল থেকে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের বাসায় আড্ডা, সবার সঙ্গে দেখা-সাক্ষাত করার বিষয় থাকে। তাই একটু নতুন পোশাকে না হলে আসলে ঈদ ঈদ ব্যাপারটাই জমে না। আর ঈদে যেহেতু দুই-তিন দিনের একটা ছুটি পাওয়া যায়। তাই এই ব্যস্ততার শহরে ক্লান্তি দূর করতে অধিকাংশই ঢাকার কাছে পিঠে প্রকৃতির সান্নিধ্য পেতে ছুটে যায়।

একসময় তরুণ-তরুণীদের ঈদের জন্য ভারী জরি-চুমকির কাজ করা পোশাকের প্রতি আকর্ষণ থাকলেও সেই আকর্ষণ এখন একদম নেই বললেই চলে। এখনকার তরুণ-তরুণীরা সবার আগে পোশাকটা আরামদায়ক এবং চট জলদি পরা যায় কি না, তা দেখে। কারণ এখন আর এক জায়গায় বসে তো আর ঈদ হয় না। ঈদের দিন দুপুরের পর থেকেই এই আত্মীয়ের বাসা, ওই বন্ধুর বাসা কিংবা কোনো হোটেল বা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া। আবার দেখা যায়, ছুটি পাওয়ার কারণে এক-দুইদিনের জন্য বন্ধুবান্ধব নিয়ে কোথাও ঘুরতে চলে যাওয়া হচ্ছে। অর্থাত্, ঈদ হলেও আমাদের দৌড়ঝাঁপ কিন্তু একটুও কমে না।

এখনকার পোশাকের ট্রেন্ড হলো একটু ফিউশনধর্মী। পশ্চিমা ও দেশীয় ফ্যাশনের সমন্বয়ে ফিউশনধর্মী এ পোশাকগুলো তৈরি করা হচ্ছে। তাছাড়া পোশাকগুলোর ধারণা পশ্চিমা ধাঁচের পোশাকগুলো থেকে এলেও দেশীয় মোটিফ দেওয়ার কারণে এগুলো হয়ে উঠছে আরো ফ্যাশনেবল। যেহেতু তরুণ-তরুণীদের পছন্দ চটজলদি পরা যাবে এমন পোশাক। তাই দেশীয় ঢঙে তৈরি টপস, কুর্তি, কামিজই থাকে মেয়েদের পছন্দের তালিকায় সবার আগে। আর ঠিক তেমনি ছেলেদেরও পছন্দের তালিকায় শীর্ষে থাকে শার্ট, টি-শার্ট। 

এখন দেশের প্রায় সব ফ্যাশন হাউস এরকম ফিউশনধর্মী পোশাক নিয়ে এসেছে। তবে আপনার আরাম এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এমন পোশাক নিয়ে হাজির হয়েছে গ্রামীণ ইউনিক্লো। ফ্যাশন হাউসটির এবারের ঈদ আয়োজনে ছেলেদের জন্য রয়েছে ড্রাই ফাংশন সংযোজিত বিভিন্ন রং ও ডিজাইনের পিকে পোলো টি-শার্ট, প্রিন্টেড পোলো টি-শার্ট, পাঞ্জাবি, আকর্ষণীয় ট্রেন্ডি ডিজাইনের প্রিন্টেড শার্ট, চেক শার্ট, ফরমাল শার্ট, ইজি প্যান্ট, জিন্স, ড্রাই ট্যাংকটপ, ড্রাই বক্সার ব্রিফসহ আরো বিভিন্ন ডিজাইনের বাহারি পোশাক এবং মেয়েদের জন্য নিয়ে এসেছে ট্রেন্ডি ও আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন রং ও দামের ঈদ এক্সক্লুসিভ কামিজ, ক্যাজুয়াল টপস, ক্যাজুয়াল লং শার্ট, জিন্স, লেগিংস, পালাজ্জোসহ আরো অনেক কিছু। গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক জানান, তারা শুরু থেকেই নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে ক্রেতাদের উন্নতমানের পোশাক সরবরাহ করে আসছেন। আর এবারের ঈদে গরমের বিষয়টিকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন, যাতে ক্রেতারা তাদের পোশাক পরে খুব আরাম ও স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর তাদের পোশাকের মূল্য রেখেছেন একদম হাতের নাগালে। ছেলেরা ৩৯০ থেকে শুরু করে ১৯৯০ টাকার মধ্যে, মেয়েরা ৩৯০ থেকে শুরু করে ২৬৯০ টাকার মধ্যে পেয়ে যাবেন পছন্দের পোশাকটি।

তবে ঈদে শুধু পোশাকই তো সব নয়, পোশাকের সঙ্গে সাজটাও হওয়া চাই মানানসই বলে জানান প্রিটি লেডি বিউটি স্যালনের কর্ণধার ও রূপবিশেষজ্ঞ সোনিয়া খান। তিনি বলেন, ‘যেহেতু এখন সময়টা বর্ষাকাল, সঙ্গে আবার গরমও আছে, তাই মেকআপটা ভারী না হওয়াই ভালো।’ এই ঈদে তিনি সাজসজ্জার জন্য নুড মেকআপ লুকটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। কোরবানির ঈদে সবারই যেহেতু সকালের দিকে ব্যস্ততা থাকে সেক্ষেত্রে মেয়েরা চোখে হালকা স্মোকি আইশ্যাডো সঙ্গে নুড রঙের লিপস্টিক দিয়ে সাজটা শেষ করতে পারেন। আর মূলত ঘুরাঘুরিটা যেহেতু বিকাল থেকেই শুরু হয়, সেক্ষেত্রে মেকআপটা একটু ভারী হতে পারে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কী ধরনের পোশাক পরেছেন। বন্ধুবান্ধবের সঙ্গে কোথাও যাওয়া হলে মেকআপটা একটু ভারী হতে পারে। এক্ষেত্রে চোখে একটু গ্লিটারি স্মোকি আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে আর সঙ্গে ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। তবে তিনি বারবার যে বিষয়ে প্রাধান্য দিয়েছেন, তা হলো পোশাকের সঙ্গে মানানসই সাজ।

 

মডেল            কেয়া

পোশাক         গ্রামীণ ইউনিক্লো

মেকআপ        সোনিয়া খান

ছবি               রনি বাউল