মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সাংসদ শম্ভুকে ভারতে সংবর্ধনা

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৯:৪২

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় ভারতের আগরতলাস্থ দ্বিবর্ষব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন কমিটি এই সংবর্ধনার আয়োজন করে।

কথাশিল্পী ড. দেবব্রত দেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এখানে আসতে পেরে আমি আনন্দিত। একই সাথে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।

আরও পড়ুন : প্রকাশ্যে এলো শাকিব-বুবলীর নতুন সিনেমার গান

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য শিখরে নিয়ে যাচ্ছেন। যে স্বপ্নকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার স্বপ্ন আজ শেখ হাসিনার হাত ধরেই বাস্তবায়িত হচ্ছে।

ত্রিপুরায় কর্মরত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা, সিনিয়র সাংবাদিক শান্তনু শর্মা ভট্টাচার্য, লেখক ও মানবাধিকারকর্মী খোরশেদ আলম বিপ্লব, কবি লুৎফর চৌধুরী, সাংবাদিক অমিত ভৌমিক, সংগীত শিল্পী সুলতানা পারভীন রুমা, কবি মোয়াজ্জেম হোসেন ফিরোজসহ আগরতলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/কেআই