খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের ডাকাতদল ছোটন বাহিনীর এক সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
আটক সাগর শেখ ওরফে জয় শীল (৪১) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর ডাকাতির প্রস্তুতির খবরে সোমবার সকালে অভিযানে নামে যৌথবাহিনী। অভিযানের এক পর্যায়ে খুলনার কয়রা থানার রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাত দলের সদস্যদের ধাওয়া করে যৌথবাহিনী। সেখান থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ সাগর শেখকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর শেখ স্বীকার করেছে ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
